কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি। পরে টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনে যোগদানের পাশাপাশি ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। সুত্র-ইত্তেফাক